কৃষ্ণনগরের অবিশ্বাস্য বিস্ময়! ২২ শিল্পীর চার মাসের শ্রমে তৈরি ৫ ফুটের ব্রোঞ্জের দুর্গা এখন হরিয়ানার পথে

কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী মৃৎশিল্পের ইতিহাসে যুক্ত হলো এক নতুন পালক। বিখ্যাত শিল্পী গৌতম পালের তত্ত্বাবধানে দীর্ঘ চার মাসের টানা পরিশ্রমে তৈরি হয়েছে পাঁচ ফুট উচ্চতার এক অনন্য ব্রোঞ্জের দুর্গাপ্রতিমা। ২২ জন দক্ষ শিল্পীর নিখুঁত হাতের ছোঁয়ায় গড়ে ওঠা এই ধাতব প্রতিমাটি এবার পাড়ি দিচ্ছে হরিয়ানার গুরগাঁওয়ের ভারত সেবাশ্রম সংঘের মন্দিরে। শুধু এই ধাতব দুর্গাপ্রতিমাই নয়, কৃষ্ণনগরের শিল্পীদের হাতে তৈরি স্বামী প্রণবানন্দের একটি ছয় ফুট উঁচু পাথরের মূর্তিও স্থান পেতে চলেছে গুরগাঁওয়ের একই মন্দিরে। যা স্থানীয় শিল্পীদের অনন্য দক্ষতার এক নতুন আন্তর্জাতিক স্বীকৃতি।
ধাতুর এই প্রতিমা নির্মাণের পুরো প্রক্রিয়াটি ছিল অত্যন্ত জটিল, দীর্ঘ এবং পরিশ্রমসাধ্য। প্রথমে মাটি দিয়ে মূল কাঠামো গড়ে তার ওপর প্লাস্টারের ছাঁচ তৈরি করা হয়। এরপর মোমের আস্তরণ ব্যবহার করে বিশেষ কাস্টিং পদ্ধতিতে গলানো ব্রোঞ্জ ঢেলে তৈরি করা হয় মূর্তির বিভিন্ন অংশ। আগুনের আঁচে প্রতিটি অংশ ফুটিয়ে তুলে তা জোড়া লাগানো এবং দীর্ঘসময় ধরে সূক্ষ্ম ফিনিশিংয়ের কাজ সম্পন্ন করা হয়। সম্পূর্ণ ব্রোঞ্জে তৈরি এই মূর্তিতে শেষে দেওয়া হয়েছে আকর্ষণীয় সোনালী রঙের স্পর্শ। নিখুঁত অলংকার ও মুখের সূক্ষ্ম ভাবভঙ্গি ফুটিয়ে তুলতে শিল্পীদের নিতে হয়েছে সর্বোচ্চ সতর্কতা, যা আবারও প্রমাণ করল কৃষ্ণনগরের শিল্পকলার কোনো ভৌগোলিক সীমা নেই।