সিএএ আবেদনে বড় বদল! নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা এখন জেলাশাসকদের হাতেই, কেন্দ্রের নজিরবিহীন সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গসহ দেশের আট সীমান্তবর্তী রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাস্তবায়নে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। এতদিন পর্যন্ত সিএএ সংক্রান্ত আবেদনগুলির নিষ্পত্তির দায়িত্বে ছিল জনগণনা দফতর, ইন্টেলিজেন্স ব্যুরো এবং ডাক বিভাগের মতো কেন্দ্রীয় আধিকারিকদের গঠিত বিশেষ ক্ষমতাপ্রাপ্ত কমিটি। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে সরাসরি জেলাশাসকেরাই (ডিএম) সিএএ আবেদনের সমস্ত নথি যাচাই, প্রয়োজনীয় তদন্ত ও যোগ্যতা নির্ধারণ করবেন। তদন্তে সন্তুষ্ট হলে আবেদনকারীর হাতে নাগরিকত্ব তুলে দেওয়ার ক্ষমতাও তাঁদের হাতেই থাকবে।
পশ্চিমবঙ্গ ছাড়া এই তালিকায় রয়েছে আসাম, ত্রিপুরা, গুজরাত, রাজস্থান, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছিলেন যে সিএএ নিষ্পত্তির কাজ দ্রুত করতে কেন্দ্রকে আবেদন জানানো হয়েছিল। কেন্দ্রের এই নির্দেশিকার ফলে জেলা পর্যায় এবং বিশেষ কমিটিতে ঝুলে থাকা সমস্ত আবেদন দ্রুততম সময়ে নিষ্পত্তির পথ পরিষ্কার হল। রাজনৈতিক টানাপোড়েনের ইতি টেনে রাজ্যবাসীকে সহজে নাগরিকত্ব প্রদান এবং আবেদনের জট ছাড়াতেই মূলত প্রশাসনিক এই বিকেন্দ্রীকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।