প্রিয় ঋতু কি বর্ষা? কুয়াশা ঘেরা পাহাড় আর ঝরনার প্রেমে পড়তে এবার গন্তব্য হোক রূপসী সাপুতারা!

গুজরাট বললেই বাঙালির চোখে ভেসে ওঠে সমতল ভূমি ও বিস্তীর্ণ কচ্ছের রান। তবে এই রাজ্যেরই ডাং জেলায় সহ্যাদ্রি পর্বতমালার কোলে প্রায় ১,০০০ মিটার উচ্চতায় অবস্থিত অনন্যসুন্দর এক পাহাড়ি শহর সাপুতারা। বর্ষার মৌসুমে এখানকার কুয়াশার চাদর, ঝরঝর বৃষ্টি আর সবুজ পাহাড়ি প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের মুগ্ধ করে। শান্ত সাপুতারা হ্রদে নৌকাবিহারের পাশাপাশি সানরাইজ ও সানসেট পয়েন্ট থেকে পাহাড়ের অপরূপ দৃশ্য উপভোগ করা যায়। বর্ষায় প্রাণবন্ত গিরা জলপ্রপাত, ঐতিহাসিক হাটগড় দুর্গ এবং বন্যপ্রাণী প্রেমীদের জন্য পূর্ণা অভয়ারণ্য ও বাঁসদা জাতীয় উদ্যান এখানে অন্যতম আকর্ষণ। এছাড়া ভিল, কোকনা ও ওয়ারলি সম্প্রদায়ের সমৃদ্ধ আদিবাসী সংস্কৃতি ও হস্তশিল্প সাপুতারার বিশেষ পরিচয় বহন করে।
বর্ষার সময়েই সাপুতারার রূপ সবচেয়ে বেশি ফুটে ওঠে। পর্যটকদের জন্য ৮ থেকে ২৯ আগস্ট পর্যন্ত গুজরাট পর্যটন দপ্তর আয়োজন করেছে ‘সাপুতারা বর্ষা উৎসব’, যেখানে স্থানীয় লোকসংস্কৃতি, ওয়ারলি চিত্রশিল্প ও সুস্বাদু খাবারের আনন্দ নেওয়া যাবে। তবে শীতকালেও এখানে ঘুরে আসা বেশ আরামদায়ক। চাইলে ভ্রমণের সাথে অদূরের নাশিক ও শিরডিও ঘুরে নেওয়া সম্ভব। কলকাতা থেকে ট্রেনে নাশিক রোড নেমে মাত্র ৮০-১০০ কিলোমিটার সড়কপথ অতিক্রম করে সহজেই পৌঁছানো যায় এই অফবিট পাহাড়ে। এছাড়া সুরাট বা মুম্বই হয়েও আসা যায়। প্রকৃতির কোল থেকে ঘুরে আসার জন্য তাই চেনা ছক ভেঙে এবার ঘুরে আসুন কুয়াশায় মোড়া সাপুতারা।