ভিডিও বানিয়ে সরকারের থেকে পাবেন প্রতি মাসে মোটা টাকা! জানুন কারা পাবেন এই দুর্দান্ত সুযোগ?
সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের জন্য এক অভূতপূর্ব সুযোগ নিয়ে এল বিহার সরকার। রাজ্যের নানা জনকল্যাণমূলক প্রকল্প, উন্নয়ন ও সাফল্যের খবর সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ‘বিহার সোশ্যাল মিডিয়া অ্যান্ড আদার অনলাইন মিডিয়া রুলস, ২০২৬’-এ বিশেষ সংশোধনী আনা হয়েছে। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সভাপতিত্বে ক্যাবিনেট বৈঠকে অনুমোদিত এই নীতি অনুযায়ী, রাজ্য সরকারের ইতিবাচক কাজ নিয়ে ভিডিও বানালে ভিডিওপ্রতি সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত উপার্জন করা সম্ভব। প্রতি ১ লাখ ভিউজের জন্য ১০,০০০ টাকা দেওয়া হবে, তবে ভিডিওপ্রতি আয়ের ঊর্ধ্বসীমা রাখা হয়েছে ১ লাখ টাকাই।
এই সুবিধা পেতে হলে ক্রিয়েটরদের সরকারের তথ্য ও জনসম্পর্ক বিভাগের (IPRD) অধীনে নিবন্ধিত হতে হবে। প্রধান প্ল্যাটফর্মগুলিতে ন্যূনতম ১ লক্ষ ফলোয়ার থাকা ক্রিয়েটররা তালিকাভুক্তির জন্য আবেদনের সুযোগ পাবেন। তবে হুটহাট টাকা মিলবে না; ভিডিও আপলোডের ৩০ দিন পর ভিউজ এবং কনটেন্টের গুণমান চুলচেরা বিশ্লেষণ করে অর্থ ছাড় করা হবে। যুব সমাজকে স্বনির্ভর করতে এবং সরকারি সাফল্য প্রচারে এই পদক্ষেপ এক নতুন দিগন্ত উন্মোচন করবে। অতি শীঘ্রই আইপিআরডি-র পক্ষ থেকে আবেদনের বিস্তারিত প্রক্রিয়া বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।