কেনাকাটার বেঁচে যাওয়া টাকায় লটারির টিকিট! রাতারাতি কোটিপতি কোচবিহারের গৃহবধূ

শপিং শেষে পকেটে পড়ে থাকা সামান্য কিছু টাকা দিয়ে লটারির টিকিট কিনেছিলেন কোচবিহারের দেওয়ানহাটের গৃহবধূ পম্পা বর্মন। সেই সামান্য সিদ্ধান্তই রাতারাতি তাঁর ভাগ্য বদলে দিল। দিনহাটায় জামাকাপড় কিনতে এসে অবশিষ্ট টাকায় কেনা টিকিটেই প্রথম পুরস্কার বাবদ এক কোটি টাকা জিতে নেন তিনি। সন্ধ্যা ৬টায় লটারির ফল প্রকাশের পর নিজের টিকিটের নম্বর মিলিয়ে দেখে আবেগে ভেসে যান দুই সন্তানের জননী পম্পা। নিরাপত্তার খাতিরে কোনো ঝুঁকি না নিয়ে আনন্দের খবর পাওয়ার পরপরই তিনি সোজা হাজির হন দিনহাটা থানায়।
হঠাৎ কোটিপতি হওয়ার এই খবরে দেওয়ানহাটা থেকে দিনহাটা—পুরো অঞ্চল জুড়ে এখন চরম কৌতূহল ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। স্বামী, সন্তান ও শ্বশুর-শাশুড়িকে নিয়ে পম্পার যে সাধারণ সংসার ছিল, এই বিপুল অর্থ তা চিরতরে পাল্টে দিল। এতদিন আর্থিক অভাবে অপূর্ণ থাকা স্বপ্নগুলো এবার সত্যি করার পরিকল্পনা করছেন তিনি। নিজের অর্জিত এই বিশাল পুরস্কারের অর্থ দিয়ে প্রথমত একটি সুন্দর পাকা বাড়ি তৈরি এবং পরবর্তীতে একটি ব্যক্তিগত গাড়ি কেনার ইচ্ছা রয়েছে পম্পার।