যাত্রী সেজে বন্দুক উঁচিয়ে কলকাতায় ক্যাব ছিনতাই, মাঝরাস্তায় গাড়ি বিগড়তেই পুলিশের খাঁচায় ৩ ডাকাত!

খাস কলকাতায় যাত্রী সেজে উঠে ক্যাব চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে লুটপাটের অভিযোগে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল কড়েয়া থানার পুলিশ। ধৃতদের নাম রাহুল সর্দার, মহম্মদ তাবরেজ এবং তৌসিফ আলি।
মঙ্গলবার গভীর রাতে বারাসাত থেকে কলকাতায় আসার জন্য একটি অনলাইন ক্যাব বুক করে ওই তিনজন। গাড়িটি তিলজলা রোডের ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎই অভিযুক্তরা ক্যাব চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে হাঙ্গামা শুরু করে। আগ্নেয়াস্ত্রের মুখে চালকের সোনার চেন ও আংটি ছিনিয়ে নেওয়া হয়। এমনকি জোরপূর্বক চালকের বাড়ি থেকে অনলাইনে টাকা আনানোর জন্য তাঁকে চাপ দিতে থাকে ডাকাত দলটি।
তবে বুধবার ভোররাতের দিকে জুলুমবাজি চলাকালীন মাঝরাস্তায় দুর্ঘটনাবশত ক্যাবটি খারাপ হয়ে যায়। এই সুযোগে চালক জানলা দিয়ে বাঁচাও বলে চিৎকার শুরু করলে পরিস্থিতি প্রতিকূল বুঝে তিন দুষ্কৃতীই পালিয়ে যায়। পরবর্তীতে চালকের লিখিত অভিযোগের ভিত্তিতে সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখে বৃহস্পতিবার উত্তর শহরতলীর নারায়ণপুর এলাকা থেকে ৩ জনকেই গ্রেফতার করে পুলিশ। লুটে নেওয়া টাকা ও গয়না উদ্ধারের জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।