‘৮৬-র পর এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী এল’, আকাশপথে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে বিস্ফোরক শুভেন্দু

দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা আজ ভয়াবহ বন্যার কবলে। বৃহস্পতিবার আকাশপথে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও হুগলির বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবচেয়ে ক্ষতিগ্রস্ত সবংয়ে জেলাশাসক ও বিধায়কদের সঙ্গে বিশেষ রিভিউ বৈঠক করেন তিনি। পূর্বসূরিদের কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, “আগের মুখ্যমন্ত্রীরা গ্রামের মানুষকে মানুষ বলে মনে করতেন না। ১৯৮৬ সালে জ্যোতি বসুর পর এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী এই বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে এল।” গ্রামের সঙ্গে নিজের নাড়ির টানের কথা উল্লেখ করে তিনি প্রশাসনকে দ্রুত পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেন।
মুখ্যমন্ত্রী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ হাজার ২০০টি বাড়ি পুনর্নির্মাণে সরকারের পক্ষ থেকে ৩০ হাজার টাকা করে দেওয়া হবে। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত কৃষকরা ‘প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা’-তে আবেদন করতে পারবেন। দুর্যোগে ২ জনের মৃত্যু হলেও সাপে কামড়ানো ১০ জনকে সুস্থ করা সম্ভব হয়েছে। কেলেঘাই নদীর জলস্তর বর্তমানে নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও, ডিভিসি ফের জল ছাড়লে পরিস্থিতি পর্যালোচনা করা হবে। দুর্গত ৫০ হাজার মানুষের ত্রাণ নিশ্চিত করতে রাষ্ট্রমন্ত্রী রাজেশ মাহাতোকে সবংয়ে থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সবংয়ের পর তিনি আরামবাগের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান।