উড়বে চীনের ঘুম! উত্তর-পূর্বে নিরাপত্তা সুদৃঢ় করতে শিলিগুড়ি করিডোরে বিরাট মেগা প্রকল্প মোদী সরকারের

ভারতের ভৌগোলিক নিরাপত্তা রক্ষা এবং উত্তর-পূর্ব রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা জোরদার করতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক সেবকের ঐতিহ্যবাহী জীর্ণ করনেশন সেতুর জায়গায় একটি ৬ লেনের নতুন বিকল্প সেতু ও সংযোগকারী সড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, তিস্তা নদীর ওপর নির্মিতব্য এই মেগা প্রকল্পে আনুমানিক ৮৪৪ কোটি টাকা খরচ ধরা হয়েছে। পাশাপাশি যাতায়াত সুগম করতে প্রায় ৬.৮৭ কিলোমিটার দীর্ঘ সংযোগকারী সড়কও তৈরি করা হবে।
ভৌগোলিক মানচিত্রে অত্যন্ত স্পর্শকাতর এই অঞ্চলটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বের রাজ্যগুলিকে যুক্ত করে রেখেছে। ফলে এই বিকল্প ৬ লেনের সেতুটি চালু হলে সীমান্ত এলাকায় সামরিক সরঞ্জাম ও সেনাবাহিনী চলাচলে যেমন অভূতপূর্ব গতি আসবে, তেমনই জাতীয় নিরাপত্তাও বহুগুণ সুদৃঢ় হবে। এর পাশাপাশি, শিলিগুড়ি ও ডুয়ার্সসহ সমগ্র উত্তরবঙ্গের বাণিজ্য এবং পর্যটন খাতে এক নতুন দিগন্তের উন্মোচন ঘটবে। জীর্ণ সেতুর ওপর অতিরিক্ত যানবাহনের চাপ কমে আসাম ও সিকিমে পণ্য পরিবহন আরও দ্রুত, সহজ ও নিরাপদ হয়ে উঠবে।