যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের নেপথ্যে কারা? বিজেপির বিস্ফোরক দাবির জবাব দিলেন বামনেতা সৃজন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি এবং বাম ছাত্র সংগঠনগুলির মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সম্প্রতি এই ইস্যুতে এবিভিপির মিছিলে হেঁটে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন যাদবপুরের বিধায়িকা শর্বরী মুখোপাধ্যায়। তাঁর মন্তব্যের কড়া সমালোচনা করে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বামনেতা সৃজন ভট্টাচার্য। তিনি অভিযোগ করেন, বহিরাগতদের এনে বিশ্ববিদ্যালয়ের শান্ত পরিবেশ নষ্ট করা হয়েছে এবং পড়ুয়াদের ওপর হামলা চালানো হয়েছে। এই ধরণের তাণ্ডব ও হিংসাত্মক আচরণ বাংলার সংস্কৃতি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যকে ক্ষুণ্ণ করে।
বিজেপির তীব্র সমালোচনা করে সৃজন ভট্টাচার্য বলেন, দেশের তরুণ সমাজ তাদের নীতি ও কর্মকাণ্ড প্রত্যাখ্যান করছে। ছাত্র সমাজকে জোর করে নিয়ন্ত্রণে আনার এই প্রচেষ্টা আরও বিচ্ছিন্নতা তৈরি করবে। দেশবিরোধী স্লোগানের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি দাবি করেন, কোনোরকম অসংবিধানিক বা উসকানিমূলক কথা বলা হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠানে এহেন আক্রমণের কঠোর প্রতিবাদ জানিয়ে তিনি বিজেপিকে অবিলম্বে গণতান্ত্রিক পথ অবলম্বন করার আহ্বান জানান। সৃজন স্পষ্ট করেন যে গুন্ডামি ও হিংসার পথ যাদবপুরের ছাত্র এবং সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নেবে না।