তারেক রহমানের ভারত সফর ঘিরে তীব্র ধোঁয়াশা, রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তি প্রত্যাহারে তুঙ্গে জল্পনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে কেন্দ্র করে কূটনৈতিক মহলে তীব্র বিভ্রান্তি ও জল্পনা তৈরি হয়েছে। আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতে আয়োজিত হতে যাওয়া ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনে তাঁর যোগ দেওয়ার কথা থাকলেও, ঢাকা কিংবা নয়াদিল্লি—কোনো পক্ষই তাঁর সফরের বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি।
শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবন থেকে জারি করা একটি বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানোর পূর্ণাঙ্গ মহড়ার (ফুল রিহার্সাল) কারণে শনিবার (২২ আগস্ট) রাষ্ট্রপতি ভবনে গার্ড পরিবর্তন অনুষ্ঠান বন্ধ থাকবে। এই ঘোষণার পর তারেক রহমানের আগমন একপ্রকার নিশ্চিত ধরে নেওয়া হলেও, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সেই প্রেস বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। নতুন বার্তায় জানানো হয়, বিজ্ঞপ্তিটি বাতিল করা হয়েছে। ফলে অভ্যর্থনার প্রস্তুতি স্থগিত হলো কি না, তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
সম্প্রতি ভারতে অবস্থানরত শেখ হাসিনার বক্তব্য প্রদানকে ঘিরে ঢাকা-নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক অস্বস্তি দেখা দেয়। ভারত সরকার অবশ্য জানিয়েছে, ওই অনুষ্ঠানে বাংলাদেশের বিরুদ্ধে কিছু বলা হয়ে থাকলে দিল্লি তা সমর্থন করে না। সম্পর্কের এই টানাপোড়েনের মাঝেই রাষ্ট্রপতি ভবনের দ্রুত সিদ্ধান্ত বদল দুই দেশের কূটনীতিকে আরও রোমাঞ্চকর মোড়ে দাঁড় করিয়ে দিয়েছে।