‘১০০ দিনেই সব হবে না’! অন্নপূর্ণা নিয়ে বঞ্চিতদের শান্ত করতে অগ্নিমিত্রার বড় বার্তা

রাজ্য সরকারের ঘোষিত ‘অন্নপূর্ণা’ প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগে রাজ্যজুড়ে তীব্র ক্ষোভ ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ভাতার টাকা না মেলা এবং নথি প্রক্রিয়াকরণে গাফিলতির প্রতিবাদে বিভিন্ন স্থানে পথ ও রেল অবরোধে নামেন বঞ্চিত মহিলারা। শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের দফতরে পূর্বনির্ধারিত প্রশাসনিক বৈঠক চলাকালীন আচমকাই সেখানে ঢুকে পড়েন বহু ক্ষুব্ধ মহিলা। পরিস্থিতির গাম্ভীর্য বুঝে চরম হইচইয়ের মধ্যেই বৈঠক মুলতুবি রেখে নীচে নেমে আসেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর সঙ্গে ছিলেন জেলাশাসক বিজিন কৃণা ও বিধায়ক শঙ্কর গুছাইত।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে মন্ত্রী বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন এবং বলেন, সরকার সবে ১০০ দিন পূর্ণ করেছে, তাই সমস্যার সমাধানের জন্য কিছুটা সময় প্রয়োজন। বঞ্চিত মহিলারা তাঁদের প্রশাসনিক ভোগান্তির কথা জানিয়ে বলেন, দরখাস্ত ও কাগজের কাজের জন্য তাঁদের এসডিও ও পুরসভার চক্কর কাটতে হচ্ছে, অথচ কোনো মাসের টাকাই তাঁরা পাননি। সমস্ত অভিযোগ শুনে মন্ত্রী অবিলম্বে জেলাশাসককে এক জন নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দেন। পাশাপাশি এসডিও ও বিডিও অফিসে কাগজ জমা দেওয়ার পরামর্শ দিয়ে স্থায়ী সমাধানের আশ্বাস দিলে অবশেষে শান্ত হয়ে এলাকা ছাড়েন মহিলারা।