বর্ধমান মেডিক্যালে দেওয়ালে ‘জাস্টিস’ স্লোগান দেখে চটলেন স্বাস্থ্যমন্ত্রী, ২৪ ঘণ্টায় মোছার কড়া নির্দেশ!

আর জি কর কাণ্ডের প্রতিবাদে লেখা বিভিন্ন স্লোগান বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দেওয়াল থেকে অবিলম্বে মুছে ফেলার নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য দফতর। ২০ আগস্ট রাতে এবং ২১ আগস্ট সকালে বর্ধমান মেডিক্যালে আচমকা পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী ডঃ শারদ্বত মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন রাজ্যের আরও দুই মন্ত্রী, মৌমিতা বিশ্বাস মিশ্র ও ক্ষুদিরাম টুডু।
পরিদর্শনের সময় প্রসূতি বিভাগসহ হাসপাতালের দেওয়ালে ‘জাস্টিস ফর আরজি কর’ কিংবা ‘শিরদাঁড়া বিক্রি নেই’-এর মতো প্রতিবাদী স্লোগান দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। ক্ষুব্ধ হয়ে তিনি স্পষ্ট জানান, ২৪ ঘণ্টার মধ্যে এসব মুছে দেওয়াল সাদা রঙ করতে হবে এবং মন্তব্য করেন, “মামারবাড়ি নাকি? নিজেদের কলেজ নিজেরাই নষ্ট করছে।”
পরবর্তীতে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে মন্ত্রী জানান, আগামী ৭ দিনের মধ্যে ছাত্রছাত্রীরা নিজেরাই যেন ওই দেওয়ালে লেখা স্লোগানগুলো সরিয়ে নেন। একই সাথে আশ্বাস দেন, ভবিষ্যতে ছাত্রছাত্রীদের নিজেদের দাবি জানানোর বা প্রতিবাদের জন্য একটি নির্দিষ্ট দেওয়াল চিহ্নিত করে দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রীর এই কড়া নির্দেশের পর হাসপাতালের অন্দরে নতুন করে কোনো উত্তেজনার সৃষ্টি হয় কি না, সেটাই এখন দেখার।