‘ন্যায্যবিচারের প্রথম ধাপ’: রাহুলের চাপে NEET আন্দোলন কাণ্ডে এফআইআর, নিশানায় শাহ

NEET আন্দোলন চলাকালীন জন্তর- মন্তরে পেলেট গান ব্যবহারের ঘটনায় অবশেষে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর টানা অবস্থান বিক্ষোভের পরেই এই পদক্ষেপ নেওয়া হয়। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১১৮ ও ১২৫ ধারায় বিপজ্জনক অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করা এবং জীবন বিপন্ন করার অভিযোগে মামলা রুজু করা হয়েছে।
শুক্রবার গত ২০ জুলাইয়ের আন্দোলনে আহত ছাত্র সাহিল লোচভেকে সঙ্গে নিয়ে দিল্লি পুলিশের সংসদ মার্গ থানায় পৌঁছান রাহুল গান্ধী। সুনির্দিষ্ট ধারায় মামলা না হওয়া পর্যন্ত থানা চত্বর ছাড়বেন না জানিয়ে অনড় অবস্থানে ধর্নায় বসে পড়েন তিনি। অধীররঞ্জন চৌধুরীসহ কংগ্রেসের শীর্ষ নেতারাও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। পুলিশ এফআইআর গ্রহণ করার পর রাহুল এটিকে “ন্যায্যবিচারের দিকে প্রথম পদক্ষেপ” বলে অভিহিত করেন। এই ঘটনার পর আন্দোলনের ওপর পেলেট গান চালানোর নির্দেশ কে দিয়েছিল, তা নিয়ে অমিত শাহ ও দিল্লি পুলিশের জবাব দাবি করেছে কংগ্রেস।