অভিষেকের বড় স্বস্তি: সেবাশ্রয় দুর্নীতিসহ ৩ মামলায় ১১ সেপ্টেম্বর পর্যন্ত রক্ষাকবচ হাইকোর্টের

সেবাশ্রয় দুর্নীতিসহ মোট তিনটি মামলায় কলকাতা হাইকোর্টে বড়সড় আইনি স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে পুলিশ বা তদন্তকারী সংস্থা কোনো কঠোর পদক্ষেপ করতে পারবে না বলে স্পষ্ট নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।
শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে শুনানি চলাকালীন রাজ্যের তরফে তীব্র বিরোধিতা করা হয়। পূর্ণাঙ্গ নথি না দেখে সুরক্ষাকবচ দেওয়ার বিষয়ে প্রশ্ন তোলে রাজ্য। জবাবে বিচারপতি জানান, ইতিপূর্বেও একাধিক এজলাস থেকে এমনকি বিদেশযাত্রার ক্ষেত্রেও সাংসদকে আইনি ছাড়পত্র দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে চলমান এই মামলাগুলির কারণে তৈরি হওয়া মানসিক চাপের কথা বিবেচনা করেই আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত এই অন্তর্বর্তী সুরক্ষা বহাল রাখা হলো।
উল্লেখ্য, জমি দুর্নীতি ও সেবাশ্রয় সংক্রান্ত বিষয়ে বিষ্ণুপুর ও রবীন্দ্রনগর থানায় দায়ের হওয়া একাধিক এফআইআরকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। এই তিনটি মামলায় সুরক্ষা মেলায় হাইকোর্ট থেকে তাঁর প্রাপ্ত মোট আইনি রক্ষাকবচের সংখ্যা দাঁড়িয়েছে আটটিতে। মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে আগামী ৭ সেপ্টেম্বর।