‘বিচারের প্রথম ধাপ’: প্রিয়াঙ্কা-রাহুলদের দীর্ঘ লড়াইয়ের পর পেলেটকাণ্ডে নতিস্বীকার দিল্লি পুলিশের

যন্তর মন্তরে ছাত্রদের ওপর পেলেট গান চালানোর অভিযোগে অবশেষে এফআইআর (FIR) দায়ের করল দিল্লি পুলিশ। ঘটনার এক মাস পর, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর টানা ৬ ঘণ্টার দীর্ঘ ধর্নার মুখে নতিস্বীকার করতে বাধ্য হয় থানা প্রশাসন।
গত ২০ জুলাই ‘সংসদ চলো’ অভিযানে অংশ নিয়ে পেলেট গানে গুরুতর আহত হন ১৯ বছর বয়সি ছাত্র সাহিল লোচাব। মেডিকেল রিপোর্ট ও এক্স-রে অনুযায়ী, সাহিলের শরীরে এখনও ২০০টিরও বেশি ছররা আটকে রয়েছে, যার মধ্যে ৩টি রয়েছে তাঁর চোখে। ফলে তাঁর দৃষ্টিশক্তি চিরতরে হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।
অভিযোগ থাকা সত্ত্বেও এতদিন এফআইআর না হওয়ায়, শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ সাহিল ও তাঁর মাকে নিয়ে পার্লামেন্ট স্ট্রিট থানায় হাজির হন রাহুল গান্ধী। সঙ্গে যোগ দেন প্রিয়াঙ্কা গান্ধীও। পুলিশ প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করলে রাহুল থানার বাইরেই ধর্নায় বসে যান। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘থানায় এসেও যদি বিচার না মেলে, তবে সাধারণ মানুষ কোথায় যাবে?’
দীর্ঘ ৬ থেকে ৭ ঘণ্টার টানাপোড়েনের পর পুলিশ এফআইআর নিতে বাধ্য হয়। পরে এফআইআর-এর কপি সাহিলের মায়ের হাতে তুলে দিয়ে রাহুল বলেন, ‘এটি বিচারের প্রথম ধাপ। দীর্ঘ লড়াইয়ের পর আমরা একজন ভারতীয় নাগরিকের জন্য ন্যায়বিচার আদায় করেছি।’