বাঁকুড়ায় সিজেপি কর্মীর বাবা ‘খুনের’ কিনারা পুলিশের জালে এফআইআরে থাকা ৫ অভিযুক্ত

বাঁকুড়ার ইন্দাসে সিজেপি কর্মীর বাবাকে পিটিয়ে খুনের ঘটনায় আরও দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে মোট ১১ জন গ্রেপ্তার হল। পুলিশ জানিয়েছে, মূল এফআইআরে পাঁচজনের নাম ছিল। ঘটনার দিনই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। বৃহস্পতিবার রাতে পূর্ব বর্ধমানের মাধবডিহি থেকে বাকি দু’জন, প্রশান্ত মাঝি এবং অবনী মাঝিকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার ধৃতদের আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৭ জুলাই সিজেপি কর্মী আবদুল হাফিজ দিল্লি থেকে গ্রামে ফেরার পর থেকে বিজেপি তাঁকে লাগাতার হুমকি দিচ্ছিল বলে অভিযোগ। ঘটনার দিন স্কুলের অব্যবস্থা নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে ভিডিও রেকর্ড করেন তিনি। অভিযোগ, সেদিন রাতেই বিজেপি কর্মীরা তাঁর বাড়িতে হামলা চালায় এবং তাঁকে মারধর করে। ছেলেকে বাঁচাতে গেলে তাঁর বাবা শেখ মহম্মদ মাফিককেও মারধর করা হয়। পরে তিনি হাসপাতালে মারা যান। পুলিশ এখন খুনের মোটিভ এবং ধৃতদের ভূমিকা খতিয়ে দেখছে। ফরেনসিক দলও প্রমাণ সংগ্রহ করেছে।