টিসি দিতে দেরি! মালদহে স্কুলের স্টাফরুমে ঢুকে মহিলা কর্মীকে বেদম মার পড়ুয়াদের

টিসি দিতে দেরি! মালদহে স্কুলের স্টাফরুমে ঢুকে মহিলা কর্মীকে বেদম মার পড়ুয়াদের

মালদহ: প্রাক্তন ছাত্রের ট্রান্সফার সার্টিফিকেটে (TC) নামের বানান ভুল থাকায় টিসি দিতে কিছুটা সময় চেয়েছিলেন স্কুলের এক মহিলা অশিক্ষক কর্মী। আর তাতেই রোষের মুখে পড়তে হলো তাঁকে। অভিযোগ, রুলার ও লাঠি নিয়ে স্কুলের স্টাফরুমে ঢুকে ওই মহিলা কর্মীকে ঘিরে ধরে বেদম মারধর করে একদল ছাত্র। শুধু তা-ই নয়, গোটা ঘটনায় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের উসকানি রয়েছে বলে অভিযোগ উঠেছে। আলোড়ন সৃষ্টিকারী এই ঘটনাটি ঘটেছে মালদহের বামনগোলা ব্লকের জগদলা হাই স্কুলে।

ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা নিয়ে জোর চাঞ্চল্য ছড়িয়েছে (যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি)। নির্যাতিতা অশিক্ষক কর্মীর দাবি, শুক্রবার স্কুলে টিসি নিতে আসা প্রাক্তন ছাত্রকে ভুল বানানের বিষয়টি বুঝিয়ে বলা সত্ত্বেও উত্তেজনা ছড়ায়। এরপরই কিছু ছাত্র স্টাফরুমে ঢুকে তাঁর ওপর চড়াও হয়। তাঁর আরও মারাত্মক অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিত হালদারের মদতেই এই হামলা চলেছে এবং অতীতেও তাঁকে নানাভাবে কুপ্রস্তাব ও নির্যাতন করা হয়েছিল। এ বিষয়ে তিনি বামনগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিত হালদার। তাঁর পালটা দাবি, ওই মহিলা কর্মীই উলটে ছাত্রদের মারধর করেছেন এবং তাঁকে নিজেও নিগৃহীত হতে হয়েছে। এদিকে বিষয়টি জানাজানি হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন, অন্যদিকে বিজেপি নেতৃত্ব স্পষ্ট জানিয়েছে যে শিক্ষার আঙিনায় এমন রাজনীতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ঘটনার পেছনে আসল সত্য কী, তা জানতে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *