‘স্পিরিট’ ঘিরে চরম বিতর্ক, নারীবিদ্বেষের অভিযোগে সন্দীপকে বিঁধে এবার সরব দীপিকা

পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহুল চর্চিত ‘স্পিরিট’ ছবি থেকে দীপিকা পাডুকোনের সরে যাওয়া নিয়ে শুরু হওয়া বিতর্ক ফের নতুন করে তুঙ্গে উঠেছে। সম্প্রতি সন্দীপের ভাই প্রণয় রেড্ডি ভাঙ্গা অভিযোগ করেন যে, মাতৃত্বকালীন শিফটের পাশাপাশি সিনেমার মোট লভ্যাংশের ১০ শতাংশ দাবি করেছিলেন দীপিকা, যার ফলে তাকে এই প্রজেক্ট থেকে বাদ দেওয়া হয়। এই ঘটনার পর মুম্বইয়ের এক সাংবাদিক সমাজমাধ্যমে ভাঙ্গা পরিবারের বিরুদ্ধে নারীবিদ্বেষ ও পুরুষতান্ত্রিক মানসিকতার তীব্র সমালোচনা করে একটি পোস্ট লেখেন। সেই পোস্টে উল্লেখ করা হয়, পুরুষ তারকাদের ক্ষেত্রে এই ধরনের পেশাদার দাবি মেনে নেওয়া স্বাভাবিক হলেও একজন অভিনেত্রী তা করলেই বিতর্ক তৈরি করা হয়। কোনো নারীর কাছ থেকে ‘না’ শব্দটি মেনে নিতে না পারাই এমন আচরণের মূল কারণ।
সমাজমাধ্যমের সেই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে সরাসরি লাইক দিয়েছেন দীপিকা পাডুকোন নিজেই, যা নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। এই সম্মতি জানিয়ে অভিনেত্রী স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে তিনি ওই সাংবাদিকের সমালোচনামূলক দৃষ্টিভঙ্গির সঙ্গে সম্পূর্ণ একমত। বিতর্ক ছড়িয়ে পড়ার পর বলি-পাড়ার ভেতরের এক সূত্র সূত্রে জানা গেছে, বাস্তবের পাশাপাশি নিজের পরিচালিত সিনেমাতেও পরিচালকের নারীবিদ্বেষী মানসিকতার ছাপ স্পষ্ট হওয়ায় দীপিকা সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি ভবিষ্যতে আর কখনোই সন্দীপের সঙ্গে কাজ করবেন না। সব মিলিয়ে, পারিশ্রমিক ও নারীদের পেশাদার সম্মান রক্ষার এই লড়াই এখন বলিপাড়ার সবচেয়ে আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে।