মুড়ি-মুড়কির মতো নিম্নচাপের দাপট! কাল থেকেই বাংলায় ভারী বৃষ্টির তাণ্ডব, জারি সতর্কতা?

বঙ্গোপসাগরে ধারাবাহিকভাবে নিম্নচাপ তৈরির জেরে ফের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের কাছে এই নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। এর জেরে আগামী রবি ও সোমবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির তীব্রতা বাড়বে। আবহাওয়া দফতরের তরফে সংশ্লিষ্ট জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সোমবার ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। এই দুই দিনই দক্ষিণবঙ্গের সব জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। পাশাপাশি কলকাতা সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। মঙ্গল থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির এই রেশ বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।