২৪ ঘণ্টায় তৈরি হচ্ছে নিম্নচাপ: ফের ভিজবে দক্ষিণবঙ্গ, রবিবারেই ঝোড়ো হাওয়ার অ্যালার্ট!

উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের কাছে সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার উঁচুতে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আবহাওয়াবিদদের মতে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপে পরিণত হতে পারে। এর ফলে টানা তিন দিনের তীব্র গরম ও রোদের পর ফের কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
কলকাতা ও আশেপাশের পরিস্থিতি: রবিবার দিনভর কলকাতার আকাশ মেঘলা থাকবে। আগামী ২৪ ঘণ্টায় শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি (৩৪.২ ডিগ্রি সেলসিয়াস) ছিল।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার দু-একটি জায়গায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেমি) সম্ভাবনা রয়েছে। এছাড়া সব জেলাতেই ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি জেলাগুলিতে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।