‘তরুণদের ড্রাগ ধরাচ্ছে বিদেশি শক্তি’, ‘ককরোচ’ বিতর্কে বিস্ফোরক কেরালা উপাচার্য

কেরালা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহন কুন্নুম্মাল দাবি করেছেন, কিছু বিদেশি শক্তি ভারতের তরুণ প্রজন্মকে ধ্বংস করতে তাদের মাদকের নেশায় আসক্ত করছে এবং ‘ককরোচ’ (আরশোলা)-এ পরিণত করার উস্কানি দিচ্ছে। নিজের এক বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি এই বিস্ফোরক দাবি করেন।
সম্প্রতি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল ছাত্রদের এক সংবর্ধনা সভায় উপাচার্য বলেছিলেন, “ছাত্ররা ককরোচ নয়, তারা সিংহ।” তিনি সভায় উপস্থিত ছাত্রদের অনুরোধ করেন তারা যে ককরোচ নয় তা সমস্বরে ঘোষণা করতে, কিন্তু দু-একজন ছাড়া বাকিরা তাতে সাড়া দেননি। পরবর্তীতে এই অস্বস্তিকর পরিস্থিতির বিষয়ে তিনি জানান, আওয়াজ স্পষ্ট না হওয়ায় অনেক ছাত্রই বিষয়টি ঠিকমতো শুনতে পাননি।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মোহন কুন্নুম্মাল বলেন, বিদেশি চক্রান্তে তরুণরা যেন পথ না হারায় তা নিশ্চিত করাই তাঁর দায়িত্ব। অন্য এক প্রসঙ্গে ‘বন্দে মাতরম’-এর বিরোধিতা প্রসঙ্গে তিনি বলেন, তাঁর বক্তব্য ভুলভাবে ব্যাখা করা হয়েছে; তিনি মূলত পৃথিবীকে মা হিসেবে সম্মান জানানোর কথা বলেছিলেন। নিজেকে ‘সঙ্ঘি’ আখ্যা দেওয়ার সমালোচনা করে তিনি স্পষ্ট জানান, দেশের বর্তমান শাসকদল সঙ্ঘের আদর্শে বিশ্বাসী হলেও, উপাচার্য হিসেবে তিনি শুধু তাঁর দায়িত্বই সঠিকভাবে পালন করছেন।