মাত্র তিনদিনেই আসাম্ভবকে সম্ভব! জনগণনার কাজে তাক লাগালেন সাঁইথিয়ার শিক্ষক

নির্ধারিত এলাকার জনগণনার কাজ মাত্র তিনদিনেই সম্পূর্ণ করে এক অনন্য নজির গড়লেন সাঁইথিয়ার পারিসর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহম্মদ মেহেবুব আলম। রোঙাইপুর গ্রামের দায়িত্বপ্রাপ্ত এই শিক্ষক তাঁর নির্দিষ্ট এলাকায় বুথ ও বাড়িভিত্তিক সমস্ত তথ্য সংগ্রহ করে তাক লাগিয়ে দিয়েছেন। তাঁর এই অভূতপূর্ব সাফল্যে প্রশাসনিক মহল থেকে শুরু করে স্থানীয় স্তরেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
জানা যায়, মেহেবুব আলমের দায়িত্বে ছিল মোট ২৩৫টি বাড়ি এবং ৩২৫টি সেন্সাস হাউস। বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ, এলাকার মানচিত্র তৈরি এবং কাঁচা-পাকা ও আবাসিক-অনাবাসিক ভবনের যাবতীয় বিবরণ নিখুঁতভাবে হাউজ লিস্টিং অফিসারের অ্যাপে তুলে দেন তিনি। এর আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর কাজেও দ্রুততার পরিচয় দিয়ে নির্বাচন কমিশনের সেরা বুথ লেভেল অফিসারের সম্মান অর্জন করেছিলেন এই শিক্ষক।