চাকরির লোভ দেখিয়ে কিডনি লোপাট! বিধাননগরে সিভিক ভলান্টিয়ারের যোগে চাঞ্চল্য, অধরা মাস্টারমাইন্ড

ভিনরাজ্যে মোটা বেতনের চাকরির লোভ দেখিয়ে এক যুবকের কিডনি চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল বিধাননগরে। সল্টলেকের সুকান্তনগর ত্রিনাথ পল্লীর বাসিন্দা মঙ্গল মণ্ডলকে চাকরির প্রলোভন দেখিয়ে পাঞ্জাবের লুধিয়ানায় নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালে শারীরিক পরীক্ষার নামে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে তাঁর অজান্তেই অস্ত্রোপচার করে একটি কিডনি বের করে নেওয়া হয় বলে অভিযোগ। অনেক কষ্টে কলকাতায় ফিরে বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগী পরিবার। এই ঘটনায় ইতিমধ্যে প্রভাস মণ্ডল নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাঁর নিজের শরীর থেকেও অতীতে কিডনি উধাও হয়ে যাওয়ার তথ্য মিলেছে।
তদন্তে নেমে পুলিশের হাতে এসেছে আরও এক চাঞ্চল্যকর তথ্য। এই চক্রের সঙ্গে বিধাননগরের এক সিভিক ভলান্টিয়ার লক্ষণ বিশ্বাসের যোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রতারিত যুবকের পরিবারের দাবি, ঘটনা ধামাচাপা দিতে এবং থানায় অভিযোগ না জানাতে ওই সিভিক ভলান্টিয়ার তাঁদের হুমকি দিয়েছিলেন। এদিকে, ধৃত প্রভাসকে জেরা করে উত্তরপ্রদেশের শাকিল নামে এক ব্যক্তির নাম উঠে এসেছে, যাকে এই আন্তর্জাতিক কিডনি পাচার চক্রের মূল মাথা বলে সন্দেহ করা হচ্ছে। পাঞ্জাবের মোহালির একটি বেসরকারি হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের বিষয়টি সামনে আসায়, ভিনরাজ্যের পুলিশের সঙ্গে যোগাযোগ করে মূল পাণ্ডাকে ধরতে তল্লাশি চালাচ্ছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।