ফের বঙ্গে আবহাওয়ার পট পরিবর্তন! আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির লাল সতর্কতা

পরপর কয়েকদিন রোদের দেখা মিললেও নতুন সপ্তাহের শুরুতেই আবহাওয়ার বড় পরিবর্তনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের কাছে উত্তর বঙ্গোপসাগরের উপর ৫.৮ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে।এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে দুর্যোগের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকায় ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে।
এই নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে।বিশেষ করে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু কিছু এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।পাশাপাশি, উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস বজায় রয়েছে।পরিস্থিতি সামাল দিতে এবং সম্ভাব্য দুর্যোগ এড়াতে মৎস্যজীবীদের আগামী ২৪ ঘণ্টা উত্তর বঙ্গোপসাগর ও উপকূলবর্তী এলাকায় সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।