অন্নপূর্ণায় রাজনৈতিক বঞ্চনার দিন শেষ, মিডিয়া ট্রায়াল-রিল করে শুভেন্দুকে নোয়ানো যাবে না!

ক্ষমতায় আসার মাত্র ১০৬ দিনের মাথায় রাজ্যবাসীকে দেওয়া উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি পূরণের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ‘অন্নপূর্ণা’র অনুষ্ঠানে বিরোধীদের অপপ্রচার, সোশ্যাল মিডিয়ার রিল রাজনীতি এবং সংবাদমাধ্যমের একাংশের ভূমিকা নিয়ে তোপ দাগেন তিনি। অন্নপূর্ণ প্রকল্পে বিগত শাসকদলের আমলে বঞ্চিত পরিবারগুলিকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা করার পাশাপাশি, যাদবপুর বিতর্ক ও পূর্বতন সরকারের অনিয়মের ইতিহাস টেনে সুর চড়ান মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, তিনি জানান যে আগামী ১৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে ‘অন্নপূর্ণা দিবস’ পালন করা হবে এবং সেদিন জেলায় জেলায় প্রাপকরা জড়ো হবেন।
বিগত ১৫ বছরের প্রশাসনিক স্থবিরতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এ রাজ্যে জাতীয়তাবাদ ও বাঙালি সংস্কৃতির পুনরুজ্জীবন ঘটেছে। বিগত জমানার নানা অনিয়মের কথা উল্লেখ করে তিনি বলেন যে তরুণ সরকারকে বিচলিত করতে পরাজিত শক্তি অপপ্রচারে নেমেছে। আগের ভাতার রাজনীতি ও বর্তমান দৃষ্টিভঙ্গির পার্থক্য তুলে ধরে তিনি জানান যে নতুন সরকারের ‘অন্নপূর্ণা’ প্রকল্পে বঞ্চনার শিকার হওয়া মহিলারাই প্রথম অগ্রাধিকার পাবেন। প্রকল্প চালুর পর থেকে ১ কোটি ৪৫ লক্ষ মানুষের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে গেছে এবং প্রয়োজন পড়লে আরও প্রকৃত পাওনাদারকে এই প্রকল্পের আওতায় আনা হবে বলে তিনি আশ্বস্ত করেন।