নিজ্জর খুনে বিস্ফোরক মোড়: ‘আমিই মেরেছি’, ফাঁস হওয়া অডিওতে স্বীকারোক্তি গ্যাংস্টার গোল্ডি ব্রারের!

খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে এক চাঞ্চল্যকর মোড় সামনে এসেছে। কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার নিজ্জরকে খুনের কথা প্রকাশ্যে স্বীকার করেছে বলে জানা গেছে। সম্প্রতি খলিস্তানি জঙ্গি পরমজিৎ সিং পামার সাথে গোল্ডির একটি কথোপকথনের অডিও ফাঁস হয় (যাদের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি), যা নিয়ে বর্তমানে তীব্র চর্চা শুরু হয়েছে।
ফাঁস হওয়া অডিওতে গোল্ডিকে বলতে শোনা যায়, নিজ্জর এমন সব মানুষদের সমর্থন করত যারা ১৬-১৭ বছরের কিশোরদের ব্ল্যাকমেল করে মাদক ব্যবসায় নামাত। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতার দিকে ঠেলে দেওয়ার কারণেই নিজ্জরকে সরাতে বাধ্য হয়েছে বলে দাবি করে গ্যাংস্টার গোল্ডি।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার একটি গুরুদ্বারের সামনে নিজ্জর খুন হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ভারত ও কানাডার কূটনৈতিক সম্পর্কে চরম টানাপোড়েন তৈরি হয়েছিল। তৎকালীন কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এতে ভারতীয় এজেন্টের হাত থাকার অভিযোগ তুললেও ভারত তা তীব্রভাবে প্রত্যাখ্যান করে। পরবর্তীতে কানাডীয় তদন্ত রিপোর্ট ও আন্তর্জাতিক তদন্তেও উঠে আসে যে এই ঘটনার পেছনে ছিল গ্যাংস্টার চক্রের হাত। মার্কিন সংস্থা এফবিআই-ও নিজ্জর হত্যাকাণ্ডে লরেন্স বিষ্ণোই ও গোল্ডি ব্রারকে অভিযুক্ত করে। এবার গোল্ডির নিজস্ব দায় স্বীকারের অডিও ঘটনাটিকে নতুন এক রাজনৈতিক ও অপরাধমূলক মোড়ে এনে দাঁড় করালো।