নিজেকে বাঁচাতেই কি নিজ্জরকে খতম করেছিল গ্যাংস্টার গোল্ডি ব্রার! ফাঁস হওয়া অডিও ঘিরে তুঙ্গে জল্পনা!

খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড় নিয়েছে। সম্প্রতি একটি অডিও ফাঁস হয়েছে, যেখানে গ্যাংস্টার গোল্ডি ব্রারকে নিজ্জরকে খুন করার কথা স্পষ্টভাবে স্বীকার করতে শোনা গিয়েছে। যদিও অডিওটির সত্যতা যাচাই করা যায়নি, তবে এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই তীব্র রাজনৈতিক ও কূটনৈতিক জল্পনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ওই কথোপকথনে কুখ্যাত গ্যাংস্টারকে খলিস্তানি জঙ্গি পরমজিৎ সিং পামারের সঙ্গে কথা বলতে শোনা যায়। সেখানে গোল্ডি দাবি করেছে, নিজ্জর তরুণ প্রজন্মকে মাদক ব্যবসায় প্ররোচনা দিত এবং ব্ল্যাকমেলের মাধ্যমে তাদের ব্যবহার করত। নিজের কুকর্মের খেসারত হিসেবেই তাকে এই পরিণতি ভোগ করতে হয়েছে বলে মন্তব্য করেছে সে।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সারের একটি গুরুদ্বারের সামনে খুন হন নিজ্জর। এই ঘটনাকে কেন্দ্র করে ভারত ও কানাডার কূটনৈতিক সম্পর্কে চরম টানাপোড়েন সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে কানাডার পক্ষ থেকে এই হত্যাকাণ্ডে ভারতের যোগ থাকার অভিযোগ তোলা হলেও, পরবর্তীতে কানাডিয়ান কমিশনের রিপোর্টে ভারতের কোনো ভূমিকা নেই বলে স্পষ্ট জানানো হয়। গত মাসে এফবিআই নিজ্জর হত্যায় লরেন্স বিষ্ণোই ও গোল্ডির বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর, এবার খোদ গ্যাংস্টারের মুখে খুনের এই স্বীকারোক্তি পুরো পরিস্থিতিকে এক নতুন মোড়ে নিয়ে দাঁড় করিয়েছে।