মাত্র ২১টি ইউনিটে কাজ শেষ! জনগণনার কাজে কেন এত পিছিয়ে পড়ল মুর্শিদাবাদ?

রাজ্যজুড়ে জনগণনার কাজ পুরোদমে চললেও নবাবের জেলা মুর্শিদাবাদে বাড়ি তালিকাভুক্তির গতি অত্যন্ত মন্থর। ২২ অগাস্টের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, জেলায় মোট ১৩ হাজার ২৮০টি ব্লকের মধ্যে কাজ সম্পূর্ণ হয়েছে মাত্র ২১টিতে, যার শতকরা হার মাত্র ০.১৬ শতাংশ। এর মধ্যে ৩ হাজার ৮৭০টি ব্লকের কাজ এখনও শুরুই করা যায়নি। কাজের নিরিখে জেলায় কিছুটা এগিয়ে রয়েছে জঙ্গিপুর পুরসভা, ফরাক্কা ও সাগরদিঘি। অন্যদিকে, ডোমকল, রানিনগর, নবগ্রাম, বহরমপুরসহ জেলার ১৫টিরও বেশি এলাকায় এখনও একটি ব্লকের কাজও শেষ হয়নি। বিশেষ করে বেলডাঙা ১, জলঙ্গি এবং সুতির মতো ব্লকগুলিতে পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক।
এই পরিস্থিতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে গণনাকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করার জন্য স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে এবং কাজে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না বলে জানিয়েছে প্রশাসন। তবে প্রশাসনিক আধিকারিকদের একাংশ আশাবাদী যে, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই কাজের শ্লথ গতি কাটিয়ে খুব শীঘ্রই পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটানো সম্ভব হবে।