নেশার ঘোরে স্ত্রী খুন! রক্তাক্ত হাতে থানায় হাজির স্বামী, ধূপগুড়ির ঘটনায় শিউরে উঠবেন

রবিবার সকালে ধূপগুড়ি মহকুমার ভেমটিয়া এলাকায় এক পারিবারিক বিবাদের জেরে মর্মান্তিক ঘটনা ঘটে। নেশায় আসক্ত জাহাঙ্গির আলম স্ত্রীর ওপর চড়াও হয়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন বলে অভিযোগ। তিন বছর আগে বারঘরিয়া গ্রাম পঞ্চায়েতের এই বাসিন্দার সঙ্গে রুকসানা বেগমের বিয়ে হয়েছিল এবং তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে। বিয়ের কিছু সময় পর থেকেই জাহাঙ্গিরের নেশার আসক্তি ও মারধরের জেরে দম্পতির মধ্যে অশান্তি লেগেই থাকত।
রবিবার সকালে বচসা চলাকালীন জাহাঙ্গির স্ত্রীকে উপর্যুপরি কোপ মারেন। বউমাকে বাঁচাতে ছুটে এলে অভিযুক্ত যুবক নিজের মাকেও রেহাই দেননি, তাঁকে কোপানো হয়। এরপর রক্তাক্ত ধারালো অস্ত্র হাতে নিয়েই সোজা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় এবং আহত মাকে হাসপাতালে ভর্তি করে। এই হাড়হিম করা ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।