বঙ্গে ফের নিম্নচাপের চোখরাঙানি, ভারী বৃষ্টির সঙ্গে কি কমবে গরম?

মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপের জোড়াফলার জেরে ফের বাংলার আকাশ কালো করে নামতে চলেছে ভারী বৃষ্টির পসরা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ অঞ্চল এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে সোমবার থেকেই আবহাওয়া বদলাতে শুরু করবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে এবং অন্যান্য জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবারও পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবারও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে। তবে একটানা বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি ও ভ্যাপসা গরম থেকে এখনই রেহাই মিলছে না বঙ্গবাসীর।