রাতের অন্ধকারে এলাকায় ফিরতেই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে তাড়া জনতার! দুর্গাপুরে ধুন্ধুমার

রাতের অন্ধকারে এলাকায় ফিরতেই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে তাড়া জনতার! দুর্গাপুরে ধুন্ধুমার

রাজনৈতিক পালাবদলের পর দীর্ঘদিন এলাকাছাড়া থাকার পর দুর্গাপুরের ৩৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডল রবিবার রাতে নিজ এলাকায় ফিরতেই চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, এক বিজেপি বিধায়কের আশ্বাসে তিনি ও তাঁর দাদা এলাকায় ফেরেন। দীর্ঘদিন ধরে তাঁদের বিরুদ্ধে দাপট ও অত্যাচারের অভিযোগ তুলে আসছিল স্থানীয়দের একাংশ। রবিবার রাতে তাঁকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। প্রাক্তন কাউন্সিলরকে তাড়া করার পাশাপাশি তাঁর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে বিক্ষুব্ধ জনতার বিরুদ্ধে। ঘরের আসবাবপত্রও তছনছ করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত ও বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে এবং পরে কাঁদানে গ্যাসের সেল ফাটায়। পুলিশের উপস্থিতি ও তৎপরতায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও ডিপিএল কলোনি এলাকায় রাতভর থমথমে পরিবেশ বজায় ছিল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখার পাশাপাশি প্রাক্তন কাউন্সিলরকে আটক করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *