‘প্রশ্ন চলবে না’ মোদির অনুরোধ! সাংবাদিক সম্মেলনে ট্রাম্পই কি ফাঁস করলেন সেই গোপন কথা?

জি৭ সামিটের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা থাকলেও, কোনওভাবেই প্রশ্ন করতে দেওয়া হবে না বলে ভারতের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গোর সম্প্রতি এক অনুষ্ঠানে এই চাঞ্চল্যকর গোপন তথ্য প্রকাশ্যে এনেছেন। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট প্রথমে সেই শর্তে রাজি হলেও শেষ পর্যন্ত তা বেমালুম ভুলে যান।
মঞ্চে আসার পর ট্রাম্প অভ্যাসবশত সাংবাদিকদের উদ্দেশ করে প্রশ্ন করার আহ্বান জানান। এর ফলে টানা ৪৫ মিনিট ধরে দুই রাষ্ট্রপ্রধানের সামনে প্রশ্নবর্ষণ চলে। এই দীর্ঘ সময় ধরে নানা বিষয়ে আলোচনা হলেও নরেন্দ্র মোদি কোনো প্রশ্নেরই জবাব দেননি। এদিকে, রাষ্ট্রদূতের এমন মন্তব্যের পর এখনও পর্যন্ত নয়াদিল্লির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। অতীতে বিদেশ সফরে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি না হওয়া নিয়ে নানা মহলে চর্চা থাকলেও, বিদেশি কোনো প্রতিনিধির মুখে এমন ঘটনা প্রকাশ্যে আসার বিষয়টি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।