বেকারত্ব নিয়ে নীতি আয়োগের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে!

বেকারত্ব নিয়ে নীতি আয়োগের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে!

দেশের যুব সমাজের শিক্ষা ও কর্মসংস্থান সংক্রান্ত এক উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে নীতি আয়োগ। সম্প্রতি প্রকাশিত ‘Reimagining Skilling for Viksit Bharat@2047’ শীর্ষক প্রতিবেদনে জানানো হয়েছে, ১৫ থেকে ২৯ বছর বয়সি ৮ কোটি ৭০ লক্ষেরও বেশি তরুণ-তরুণী বর্তমানে পড়াশোনা, চাকরি কিংবা কোনো ধরনের প্রশিক্ষণের সঙ্গে যুক্ত নন। ২০২১ সালের ন্যাশনাল স্যাম্পল সার্ভের তথ্যের ভিত্তিতে এই সমীক্ষা চালানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষা ও চাকরির বাজারের মধ্যে ব্যাপক অসঙ্গতি রয়েছে এবং দেশের মাত্র ৮.২৫ শতাংশ স্নাতক তাঁদের যোগ্যতার সঙ্গে সঙ্গতিপূর্ণ কাজ পান। ব্যবহারিক শিক্ষার অভাব এবং শিল্পের চাহিদার সঙ্গে তাল মেলাতে না পারায় শিক্ষিত তরুণদের মধ্যেও কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়ে পড়েছে। আর্থিক অনটনের কারণে অনেক পড়ুয়া বাড়তি প্রশিক্ষণ নিতে পারেন না, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এই সংকট মোকাবিলায় ভর্তুকিযুক্ত প্রশিক্ষণ কর্মসূচি চালুর পাশাপাশি ‘লার্ন অ্যান্ড আর্ন’ বা প্রশিক্ষণের সঙ্গে উপার্জনের সুযোগ তৈরির জোরদার সুপারিশ করেছে নীতি আয়োগ। ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্য অর্জনে যুব সম্প্রদায়ের দক্ষতা বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের দাবি, ২০১৪-১৫ সাল থেকে এ পর্যন্ত ৭ কোটি ৬৭ লক্ষেরও বেশি মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *