থিয়েটারে নামার আগেই কাড়াকাড়ি! বক্স অফিসে তুফান তুলতে ভোর ৬টায় স্পেশাল শো ‘টক্সিক’-এর

দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্স’ আগামী ২৬ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। তবে রুপোলি পর্দায় আসার আগেই ছবিটি ঘিরে উন্মাদনা চরমে পৌঁছেছে। দেশের বিভিন্ন প্রান্তে অগ্রিম টিকিট বুকিংয়ে রেকর্ড সাড়া মিলেছে। বিশেষ করে মুম্বইয়ের প্রেক্ষাগৃহগুলিতে দর্শকের উপচে পড়া ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। চাহিদা এতটাই বেশি যে, বাধ্য হয়ে একাধিক মাল্টিপ্লেক্সে ভোর ৬টা কিংবা গভীর রাতের মতো অপ্রচলিত সময়েও অতিরিক্ত শো চালু করা হয়েছে। বান্দ্রার একটি প্রিমিয়াম স্ক্রিনিংয়ে টিকিটের দাম কর-সহ ২,২৫০ টাকা পর্যন্ত পৌঁছেছে, যা নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে আলোচনা তুঙ্গে।
গীতু মোহনদাস পরিচালিত এই প্যান-ইন্ডিয়া ছবিতে যশ ছাড়াও কিয়ারা আডবাণী, নয়নতারা, হুমা কুরৈশী, তারা সুতারিয়া এবং রুক্মিণী বসন্তের মতো তারকারা অভিনয় করেছেন। এর আগে মুক্তি পাওয়া ছবির প্রচার-ঝলক ও গানগুলি দর্শকদের মনে দারুণ কৌতূহল তৈরি করেছিল। চলতি বছরের মার্চ এবং পরে জুন মাসে ছবিটি মুক্তির কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ২৬ অগস্ট বহুল আলোচিত এই ছবি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। টিকিটের এই মারকাটারি চাহিদা দেখে বাণিজ্য বিশেষজ্ঞদের ধারণা, বক্স অফিসে দারুণ ওপেনিং করতে চলেছে ছবিটি।