ইরানের সঙ্গ ছাড়ুন, না হলে কোপ! বিশ্বনেতাদের কড়া হুঁশিয়ারি আমেরিকার

ইরানকে বিশ্বমঞ্চে সম্পূর্ণ কোণঠাসা করতে এবার চরম পদক্ষেপ করল আমেরিকা। তেহরানের ওপর নতুন করে আরও কড়া আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন। সোমবার মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্ট স্পষ্ট ভাষায় সতর্ক করে জানান, যে সমস্ত দেশ বা সংস্থা ইরানকে অর্থ পাচারে সাহায্য করছে, তাদের মার্কিন ডলার কেন্দ্রিক লেনদেন ব্যবস্থা থেকে সম্পূর্ণ ছেঁটে ফেলা হতে পারে। বিশ্বনেতাদের উদ্দেশে তাঁর সাফ বার্তা, “অবিলম্বে ইরানের সঙ্গে সব ব্যবসায়িক সম্পর্ক কাটান, নয়তো মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকুন।”
সাংবাদিক বৈঠকে বেসেন্ট বলেন, যে সমস্ত আর্থিক ফাঁকফোকর গলে ইরান এখনও নিজেদের অর্থনীতি টিকিয়ে রেখেছে, সেগুলি বন্ধ করাই ওয়াশিংটনের মূল লক্ষ্য। ইরানের স্বৈরাচারী শাসনব্যবস্থার অর্থনৈতিক ভিত্তি ধ্বংস করে দেশটিকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আনুষ্ঠানিকভাবে চিন, তুরস্ক বা সংযুক্ত আরব আমিরশাহীর মতো মিত্র দেশগুলির নাম না নিলেও, বার্তাটি যে তাদের উদ্দেশ্যেই, তা স্পষ্ট। দীর্ঘ ছয় মাসের যুদ্ধ, চরম মূল্যবৃদ্ধি এবং অর্থনৈতিক পন্থায় জেরবার ইরানের মুদ্রা ‘রিয়াল’-এর দর ইতিমধ্যেই তলানিতে ঠেকেছে। আমেরিকার এই নতুন চাল তেহরানের ভঙ্গুর অর্থনীতিকে পুরোপুরি ধ্বংসের মুখে ঠেলে দিল বলে মনে করা হচ্ছে।