বারুইপুরে বিজেপি কর্মী খুনে গ্রেপ্তার দলেরই চার! নেপথ্যে কি গোষ্ঠীদ্বন্দ্ব?

রাজ্যের বারুইপুরে এক আদি ও সক্রিয় বিজেপি কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই হত্যাকাণ্ডে বিজেপিরই চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ, যার মধ্যে মূল চক্রী হিসেবে নাম জড়িয়েছে এক সাসপেন্ডেড নেতার। রবিবার রাতে উত্তর ট্যাঙ্গারবেড়িয়া এলাকায় বাপি প্রামাণিক নামের ওই কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। নিহত কর্মীর পরিবারের স্পষ্ট দাবি, পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে স্থানীয় বিজেপি নেতা সুজন মণ্ডল। ঘটনার পর থেকেই এলাকায় তীব্র উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে রয়েছে মূল অভিযুক্ত সুজন মণ্ডল সহ কৃষ্ণ মণ্ডল, কনক মণ্ডল ও অনিল নাইয়া। সোমবার রাতভর তল্লাশি চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং মঙ্গলবার আদালতে পেশ করার কথা রয়েছে। এদিকে, গেরুয়া শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে মূল অভিযুক্ত সুজন মণ্ডলকে আগেই দল থেকে সাসপেন্ড করা হয়েছিল এবং তার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। রবিবার রাতের এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও এর নেপথ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বারুইপুর জেলা পুলিশ।