নিজের দেশেই বন্দি ২৪ পরিবার! কাঁটাতারের ওপারে কেমন কাটছে জীবন?

নিজের দেশেই বন্দি ২৪ পরিবার! কাঁটাতারের ওপারে কেমন কাটছে জীবন?

নাগরিকত্বে ভারতীয় হলেও দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক কাঁটাতারের বেড়ার ওপারে পরাধীন জীবন কাটাচ্ছেন মালদহের বামনগোলা ব্লকের তালতলা গ্রামের ২৪টি পরিবার। ২০০৫ সালে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পর থেকেই এই পরিবারগুলির জীবনযাত্রা সম্পূর্ণ বদলে যায়। বর্তমানে পুনর্ভবা নদীর পাড়ে অবস্থিত এই গ্রামটির মানুষ ইচ্ছেমতো দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করতে পারেন না। দিনের বেলায় বিএসএফকে পরিচয়পত্র দেখিয়ে যাতায়াতের অনুমতি মিললেও রাত নামলেই বন্ধ হয়ে যায় সীমান্ত গেট। ফলে এক প্রকার জেলবন্দি অবস্থার মধ্যে দিন কাটাতে হচ্ছে তাঁদের।

সীমান্তের ওপার থেকে প্রায়ই দুষ্কৃতীরা এসে গবাদি পশু লুটপাট ও মারধর করায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন গ্রামবাসীরা। এই অভিশাপ থেকে মুক্তি পেতে তাঁরা কাঁটাতারের এপারে স্থায়ী পুনর্বাসনের জোরালো দাবি জানিয়েছেন। সম্প্রতি রাজ্যের সেচ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী জুয়েল মুর্মু ওই গ্রাম পরিদর্শন করে স্থানীয়দের সমস্যা শোনেন। বিএসএফ ও জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে এই পরিবারগুলিকে এপারে পুনর্বাসন দেওয়া সম্ভব কি না, তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। এখন সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে তালতলার এই দুর্ভাগা পরিবারগুলি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *