ফুটপাতের সীতাদেবীর নতুন ঠিকানা! মমতা নন, শুভেন্দুর ‘জনতার দরবার’-এই মিলল ঘর পাওয়ার আশ্বাস
পার্কস্ট্রিটের ফুটপাতে বিপজ্জনকভাবে দুধ গরম করার সময় অগ্নিমিত্রা পালের ধমক খাওয়া সেই মহিলা এবার সাহায্য চাইতে পৌঁছালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। মঙ্গলবার সল্টলেকের রাজ্য বিজেপি কার্যালয়ে আয়োজিত ‘জনতার দরবার’-এ দুই শিশু ও মেয়েকে নিয়ে উপস্থিত হন সীতাদেবী নামের ওই মহিলা। মুখ্যমন্ত্রী দরবার সেরে বের হতেই তাঁর মুখোমুখি হন তারা এবং নিজেদের কষ্টের কথা জানান।
মুখ্যমন্ত্রী সীতাদেবীর কথা শুনে ফুটপাতে না থাকার পরামর্শ দিয়ে জানান, পথচারীদের হাঁটার জায়গা পরিষ্কার রাখা জরুরি। পাশাপাশি, তিনি আশ্বস্ত করেন যে কলকাতা পুরসভাকে নির্দেশ দিয়ে ওই পরিবারের জন্য মাথার ওপর একটি স্থায়ী ছাদের ব্যবস্থা করে দেওয়া হবে।
ঘটনাটি ঘিরে রাজনৈতিক তরজাও তুঙ্গে। সীতাদেবীর ঘটনাটি নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পাল্টা দাবি করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূলের পক্ষ থেকে সীতাদেবীকে টাকার বিনিময়ে বিজেপির বিরুদ্ধে কথা বলার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সীতাদেবী তা প্রত্যাখ্যান করে বিজেপি ও বর্তমান সরকারের ওপরই আস্থা রেখেছেন।
অন্যদিকে, অগ্নিমিত্রা পালের ভাইরাল ভিডিও নিয়ে তৈরি বিতর্ক প্রসঙ্গে শুভেন্দু জানান, বাম বা তৃণমূল শাসনকালে এই দরিদ্র পরিবারগুলোর কোনো খোঁজ নেওয়া হয়নি। অগ্নিমিত্রা পাল ইতিমধ্যেই ব্যাখ্যা দিয়েছেন যে তিনি শিশুদের নিরাপত্তা এবং পথচারীদের সুরক্ষার স্বার্থেই সরব হয়েছিলেন, যদিও কথা বলার ধরণ কিছুটা নম্র হতে পারত বলে তিনি স্বীকার করেছেন।