‘দুর্গাপুজো’ শব্দটাই বদলে দিয়েছিল বামেরা, রাজ্য সরকারের নতুন উদ্যোগে বিস্ফোরক দিলীপ ঘোষ

বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্যের নতুন বিজেপি সরকারের তরফ থেকে সনাতনী রীতিনীতি ও শাস্ত্রীয় আচার পালনের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এই আবহে সাবেক বাম শাসনকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর সরাসরি অভিযোগ, পুজো মানুক আর নাই মানুক, কমিউনিস্টরা পুজো কমিটিগুলির মাথায় থাকত এবং দুর্গা নামটাই বাদ দিয়ে কেবল ‘শারদোৎসব’ শব্দটি ব্যবহার করত। থিম পুজো ও বাড়তি আড়ম্বরের কারণে মূল ভক্তি ও পুজোই হারিয়ে যেতে বসেছিল বলে দাবি করেন তিনি।
চলতি বছরে সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুজো কমিটিগুলির সাথে বিশেষ বৈঠকে বসবেন এবং অষ্টমীর অঞ্জলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার সম্ভাবনা রয়েছে। পুজোতে জৌলুস ও আড়ম্বরের পাশাপাশি নিয়মকানুন ও পণ্ডিতদের বিধি মানা প্রসঙ্গে দিলীপ ঘোষ স্পষ্ট জানান, বিয়েতে উৎসবের সাথে মন্ত্র উচ্চারণের গুরুত্বের মতোই পুজোয় পুঙ্খানুপুঙ্খ আচার মেনে চলা জরুরি। রীতিনীতি সঠিকভাবে পালিত না হলে তা স্রেফ হইহুল্লোড় হিসেবেই থেকে যায়, পুজো পুজো থাকে না।