ইরানের টার্গেটে মার্কিন ফার্স্ট বয়! ব্যারনের গতিবিধির ভিডিও প্রকাশ করে কোটি টাকার মাথার দাম ঘোষণা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ বছর বয়সি পুত্র ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে চরম আলোড়ন সৃষ্টি করল ইরান। সম্প্রতি ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর পরিচালিত রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চ্যানেল ৩-এ ব্যারনের গতিবিধির গোপন ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওটিতে ‘কোথায় হত্যা করা হবে ব্যারনকে?’ শীর্ষক শিরোনাম ব্যবহার করে তাঁর নিরাপত্তা বলয়ের একাধিক ফাঁক এবং ব্যক্তিগত গেম অ্যাকাউন্ট ব্যবহারের তথ্য তুলে ধরা হয়। শুধু তাই নয়, ট্রাম্প-পুত্রকে হত্যার উদ্দেশ্যে ১০ মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৯০ কোটি টাকার বিশাল পুরস্কার ঘোষণা করেছে ইরানি মাধ্যমটি।
সাবেক ইরানি সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর থেকেই বদলা নেওয়ার হুমকি দিয়ে আসছিলেন তাঁর পুত্র মোজতবা খামেনেই। সেই ধারাবাহিকতাতেই এবার ট্রাম্প পরিবারের ওপর নজরদারি বাড়িয়ে মার্কিন গোয়েন্দাদের উদ্বেগ চরম মাত্রায় পৌঁছে দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগের মাসেই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের যাতায়াতের রুট এবং তাঁকে বিষ প্রয়োগে হত্যার পরিকল্পনা সংক্রান্ত ভিডিও প্রকাশ করেছিল। সেই ভিডিওর শেষেই ব্যারনকে লক্ষ্য করে সতর্কবার্তা দেওয়া হয়েছিল, যার বাস্তব রূপ দেখা গেল সম্প্রতি প্রকাশিত এই নজিরবিহীন ভিডিওটিতে।