মস্কোয় হঠাৎ মার্কিন সামরিক বিমান! ক্রেমলিনের ‘রহস্যময়’ প্রতিক্রিয়ায় তুঙ্গে জল্পনা

আমেরিকা ও রাশিয়ার মধ্যকার চরম কূটনৈতিক উত্তেজনার আবহেই মস্কোর ভনুকোভো বিমানবন্দরে আচমকা অবতরণ করল মার্কিন বিমানবাহিনীর একটি বিশাল ‘বোয়িং সি-১৭ গ্লোবমাস্টার থ্রি’ সামরিক বিমান। আন্তর্জাতিক রাজনীতিতে এই অঘটন ঘিরে এখন বিশ্বজুড়ে তোলপাড় চলছে।
ফ্লাইট ট্র্যাকিং তথ্যানুযায়ী, বিমানটি (টেল নম্বর: ০৭-৭১৮১) গত ২৩ আগস্ট ওয়াশিংটন ডিসির নিকটবর্তী ক্যাম্প স্প্রিংস এয়ারবেস থেকে যাত্রা শুরু করে। প্রথমে লাটভিয়ার রিগায় বিরতি নেওয়ার পর সেখান থেকে সরাসরি মস্কোয় পৌঁছায়। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে দুই মহাশক্তির সম্পর্ক যখন তলানিতে, ঠিক সেই মুহূর্তে রুশ রাজধানীতে আমেরিকান সামরিক বিমানের এই অবতরণকে অত্যন্ত ‘অস্বাভাবিক’ বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা।
ঘটনায় রহস্য আরও বাড়িয়ে দিয়েছে ক্রেমলিনের মন্তব্য। রুশ মুখপাত্র দিমিত্রি পেস্কভ জানিয়েছেন, এই বিমানের আগমন সম্পর্কে তাদের কাছে আগাম কোনো তথ্য ছিল না। বিমানে কারা সফর করছিলেন কিংবা এতে কোনো বিশেষ গোপন সামরিক সরঞ্জাম ছিল কি না—সে বিষয়ে ওয়াশিংটন বা মস্কো, কোনো পক্ষই মুখ খোলেনি। কোনো গোপন কূটনৈতিক বৈঠক নাকি পর্দার আড়ালে অন্য কোনো বড় খেলা চলছে, তা নিয়ে তৈরি হয়েছে তীব্র ধোঁয়াশা।