বাজেটে কাটছাঁটের ধাক্কা! ‘দুর্নীতিমুক্ত’ পুজোয় এবার জৌলুস হারাচ্ছে কলকাতার কোন পুজো?

কলকাতায় বিগত কয়েক বছরে তৈরি হওয়া একাধিক ‘বিগ বাজেট’ দুর্গাপুজোর এবার ছন্দপতন ঘটছে। বিগত দিনে তোলাবাজি, স্বচ্ছতাহীন অডিট এবং নেতা-মন্ত্রীদের পৃষ্ঠপোষকতায় চলা পুজোয় নতুন প্রশাসনিক নির্দেশে এবার লাগাম টানা হয়েছে। বেনিয়ম রুখতে রাজনৈতিক প্রভাবমুক্ত ও দুর্নীতিমুক্ত পুজো আয়োজনের কড়া ব্যবস্থার জেরে উত্তর থেকে দক্ষিণ—কলকাতার বহু নামজাদা ক্লাবের বাজেটেই ব্যাপক কাটছাঁট করতে হয়েছে। দক্ষিণপাড়া সর্বজনীন, ন’পাড়া দাদাভাই সংঘ, সল্টলেকের বিভিন্ন ক্লাব কিংবা শ্রীভূমি স্পোর্টিংয়ের মতো বড় পুজো কমিটিগুলি সুউচ্চ মণ্ডপ বা জাঁকজমক বাদ দিয়ে এবার ছোট আকারে এবং ঘরোয়া পরিবেশেই পুজো করার সিদ্ধান্ত নিয়েছে।
বাজেট হ্রাসের এই প্রভাব সরাসরি পড়েছে থিম ভাবনায় এবং কুমোরটুলির প্রতিমা তৈরিতে। পুলিশি অনুমতি না পাওয়া বা স্পনসরের ঘাটতির কারণে অর্জুনপুর আমরা সবাই কিংবা পূর্বাচল শক্তি সংঘের মতো জনপ্রিয় পুজোকেও এবার পরিকল্পনায় বদল আনতে হচ্ছে। অনেক উদ্যোক্তাই বিশাল থিমের চেনা চকচকে ভাব ছেড়ে সাবেকি প্রতিমা ও মণ্ডপের দিকে ঝুঁকছেন। মৃৎশিল্পীরা জানাচ্ছেন, গত বছরের তুলনায় থিমের প্রতিমার বায়না প্রায় অর্ধেকে নেমে এসেছে। সব মিলিয়ে আর্থিক কড়াকড়ি ও নজরদারির জেরে শহরের পুজোর পুরনো জৌলুস কমলেও ঐতিহ্য রক্ষার নতুন তাগিদ দেখা যাচ্ছে।