বইমেলায় বড় রদবদল! রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘকে নিয়ে নতুন কমিটি গড়ল রাজ্য সরকার

আগামী কলকাতা আন্তর্জাতিক বইমেলা পরিচালনার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২৪ সদস্যের একটি নতুন উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ২০২৭ সালের বইমেলা যৌথভাবে আয়োজন করবে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড, ইজেডসিসি এবং ন্যাশনাল বুক ট্রাস্ট। তবে সার্বিক ব্যবস্থাপনায় দিকনির্দেশনা ও পরামর্শ দেবে এই নতুন কমিটি।
মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তের স্বাক্ষরিত নির্দেশিকায় জানানো হয়েছে, সাম্প্রতিক উচ্চপর্যায়ের বৈঠকের পরই এই কমিটি গঠিত হয়। কমিটিতে রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘের প্রতিনিধি ছাড়াও পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের একাধিক সদস্য স্থান পেয়েছেন। তবে বর্তমান কমিটির শীর্ষ পদে থাকা কিছু নেতার নাম এই তালিকায় না থাকায় শুরু হয়েছে চর্চা। মূলত সব মহলের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।