অজয় দেবগণের প্রথম ছবির পরিচালক কুকু কোহলি প্রয়াত, শেষ হল এক অধ্যায়ের

মঙ্গলবার বিকেলে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক কুকু কোহলি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। গত দু’দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং চিকিৎসা চলাকালীন তাঁর শরীরে একটি স্টেন্ট বসানো হয়েছিল। কিন্তু হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি ঘটায় চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে বিকেল পাঁচটা নাগাদ তিনি না ফেরার দেশে পাড়ি দেন। তাঁর আকস্মিক প্রয়াণে পুরো বলিপাড়ায় শোকের আবহ তৈরি হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় তাঁর বাসভবন ‘গ্রিন অ্যাক্রেস’-এ শেষ শ্রদ্ধার পর বেলা ১১টায় ওশিওয়ারা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার হিট ছবি ‘ফুল অউর কাঁটে’-র মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিল তাঁর। এই ছবির মাধ্যমেই বলিউডে প্রথম সিনেমার পর্দায় পা রেখেছিলেন অজয় দেবগন। দীর্ঘ পেশাগত জীবনে তিনি ‘সুহাগ’, ‘হকিকত’, ‘আনাড়ি নম্বর ১’ এবং ‘ইয়ে দিল আশিকানা’-র মতো একাধিক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি প্রখ্যাত অভিনেত্রী অরুণা ইরানির স্বামী ছিলেন। অজয় দেবগনকে ইন্ডাস্ট্রিতে বড় সুযোগ দেওয়া এবং কালজয়ী সব ছবি উপহার দেওয়ার জন্য তিনি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন।