রোগী ভর্তির পর ৪৮ ঘণ্টা হাসপাতালেই থাকতে হবে ডাক্তারদের! স্বাস্থ্যমন্ত্রীর নজিরবিহীন নির্দেশ

চিকিৎসাক্ষেত্রে নানা অনিয়ম ও অব্যবস্থা রুখতে এবার নজিরবিহীন কড়া পদক্ষেপ নিল স্বাস্থ্য ভবন। নতুন নির্দেশিকা অনুযায়ী, হাসপাতালে কোনো রোগী ভর্তি হওয়ার পর সংশ্লিষ্ট চিকিৎসকদের ন্যূনতম ৪৮ ঘণ্টা হাসপাতালেই উপস্থিত থাকতে হবে। সরকারি ও বেসরকারি হাসপাতালসহ একাধিক বড় মেডিক্যাল কলেজে উঠে আসা বিভিন্ন অভিযোগের ভিত্তিতেই স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এই কড়া নির্দেশ দিয়েছেন।
রাজ্যজুড়ে স্বাস্থ্যপরিষেবার বিভিন্ন ক্ষেত্রে অসঙ্গতির খবর মিলতেই স্বাস্থ্য ভবনের উদ্যোগে একটি উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। তবে এখনই কাউকে সরাসরি দায়ী করতে চাননি স্বাস্থ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, “কাউকে দোষী বলছি না, তবে কিছু জায়গায় অনিয়মের আভাস পাওয়ায় এই তদন্ত শুরু করা হয়েছে।” সরকারের এই নতুন নির্দেশিকাকে কেন্দ্র করে বর্তমানে রাজ্যজুড়ে চিকিৎসামহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।