অভিষেকের ক্যামাক স্ট্রিট অফিস কাণ্ড, সাইনবোর্ড খোলার মামলায় হাইকোর্ট থেকে মিলল না অন্তর্বর্তী স্বস্তি

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের সাইনবোর্ড অপসারণের ঘটনায় আপাতত কোনও অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিল না কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, যেহেতু কলকাতা পুরসভা ইতিমধ্যেই সাইনবোর্ডটি খুলে ফেলেছে, তাই এই মুহূর্তে অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার কোনো অবকাশ নেই। একই সঙ্গে সাইনবোর্ডটি পুনরায় স্থাপন, অভিযানে যুক্ত পুলিশ ও পুর আধিকারিকদের নাম প্রকাশ এবং পুরসভার পরবর্তী পদক্ষেপে স্থগিতাদেশ চেয়ে তৃণমূলের করা একাধিক আবেদনও আদালত খারিজ করে দিয়েছে। আদালত জানিয়েছে, আগামী দিনে উভয় পক্ষই হলফনামা জমা দেওয়ার পর এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
গত বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটের ওই কার্যালয়ের সাইনবোর্ড খোলার অভিযানকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়। কলকাতা পুরসভার দাবি, রাস্তার দিকে মুখ করা লোহার কাঠামোর উপর লাগানো ওই তৃণমূলের প্রতীকযুক্ত সাইনবোর্ডটি সম্পূর্ণ বেআইনি ছিল। তবে পুরসভার অভিযান চলাকালীন পুলিশ ও পুরকর্মীদের সঙ্গে তৃণমূল কর্মী ও বেসরকারি নিরাপত্তারক্ষীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ইতিমধ্যে তেরোজনকে গ্রেফতার করা হয়েছে। পুরসভার এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, কোনো রকম বৈধ নির্দেশ ছাড়াই রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশকে ব্যবহার করে এই সাইনবোর্ড অপসারণ করা হয়েছে এবং এর বিরুদ্ধে আইনি লড়াই জারি থাকবে।