অনলাইন গেমের দেনা মেটাতে এমন নৃশংসতা! ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার নাতি ও তার বন্ধু

রাখির দিন পৈতৃক ভিটায় ফিরে নাতি-নাতনিদের হাতে রাখি পরেছিলেন ৬০ বছর বয়সি ব্যবসায়ী অর্ণব সেন। কিন্তু সেই রাতেই নিজের দূর সম্পর্কের নাতি শুভজিৎ ঘোষের হাতে নৃশংস ভাবে খুন হতে হয় তাঁকে। মালদহ শহরের ২ নম্বর গভর্নমেন্ট কলোনির এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। কলকাতার বাসিন্দা তথা হলুদের ব্যবসায়ী অবিবাহিত অর্ণববাবু মালদহে আত্মীয়দের সঙ্গে সময় কাটাতে মাঝেমধ্যেই আসতেন। গত বৃহস্পতিবার রাতে তাঁর ঘরে হাজির হয় শুভজিৎ ও তার বন্ধু কৌশিক ঘোষ। চা খাওয়ার পর রাত সাড়ে ৯টা নাগাদ দাদু ঘুমাতে যেতে চাইলে আচমকা কয়েক লাখ টাকা দাবি করে বসে দুই যুবক। অর্ণববাবু তা দিতে অস্বীকার করায় প্রথমে মুখে বালিশ চাপা দিয়ে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মেরে তাঁকে হত্যা করা হয়। খুনের পর আলমারি ও ঘরের জিনিসপত্র তছনছ করে টাকা-গয়না খোঁজার চেষ্টা চালায় তারা।
শুক্রবার সকালে অর্ণববাবুর রক্তাক্ত দেহ উদ্ধারের পর পুলিশ তদন্ত শুরু করে। ঘটনাস্থলে ইন্ডাকশন ‘অন’ থাকা এবং টেবিলে দুটি চায়ের কাপ দেখে পুলিশ নিশ্চিত হয় যে খুনিরা পরিচিত ও একাধিক। সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে মাত্র ১২ ঘণ্টার মধ্যে পাঁচ কিলোমিটার দূরের এলাকা থেকে দুই অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। উদ্ধার করা হয় নিহতের মোবাইল ফোনটিও। মালদহের জেলা পুলিশ সুপার অনুপম সিংহ জানিয়েছেন, প্রাথমিক জেরাতেই ধৃতেরা নিজেদের অপরাধ স্বীকার করেছে। শুভজিৎ ও কৌশিক মারাত্মকভাবে অনলাইন গেমে আসক্ত ছিল এবং গেমের চক্করে তাদের প্রচুর টাকা দেনা হয়ে গিয়েছিল। সেই দেনা মেটানোর জন্য অর্ণব সেনের কাছে টাকা চেয়ে ব্যর্থ হয়ে তারা তাঁকে খুন করে টাকা হাতিয়ে নেওয়ার ছক কষেছিল।