‘আমি রেগে গেলে কী করবেন?’ মুখ্যমন্ত্রীর কনভয় আটকে কংগ্রেস নেতার দাপট, গ্রেফতার আনি!

কেরলের তিরুবনন্তপুরমে শ্রী নারায়ণ গুরু জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কনভয় আটকে তুমুল হট্টগোল বাঁধানোর অভিযোগে অনিল কুমার (ওরফে চেন্থি আনি) নামে এক কংগ্রেস নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত নেতা তিরুবনন্তপুরম জেলা কংগ্রেস কমিটির সদস্য।
ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায়, চেম্পাঝান্থি এলাকায়। মুখ্যমন্ত্রী সরকারি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় অনিল কুমারের নেতৃত্বে একদল লোক তাঁর গাড়ি থামানোর সংকেত দেয়। মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে এলে তাঁর সঙ্গে অনিল কুমারের তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। নির্দিষ্ট কর্মসূচির কথা উল্লেখ করে অনিল কুমার মুখ্যমন্ত্রীর দেরিতে আসা নিয়ে অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে প্রশ্ন তুলতে থাকেন। পুলিশ তাঁকে শান্ত করার চেষ্টা করলে তিনি উল্টে হুমকি দিয়ে বলেন, “আমি রেগে গেলে আপনি কী করবেন?”
পরবর্তীতে মুখ্যমন্ত্রী সেখান থেকে রওনা হয়ে গেলেও বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে স্থানীয় প্রশাসন। পুলিশ অনিল কুমারের বিরুদ্ধে অন্যায়ভাবে আটক রাখা, অপরাধমূলক হুমকি প্রদান এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনএস (BNS)-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করে তাঁকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। গোটা ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখে এতে জড়িত বাকিদের চিহ্নিত করার চেষ্টা চলছে। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে প্রবল উত্তেজনার সৃষ্টি হয়েছে।