অঙ্কিত বালিয়ান হত্যাকাণ্ড: ৪ দিনে বিচার না মিললে সিএম হাউসের সামনে আত্মহত্যার হুঁশিয়ারি স্ত্রীর!

হরিয়ানভি গায়ক তথা জনপ্রিয় ইউটিউবার অঙ্কিত বালিয়ানের মর্মান্তিক হত্যাকাণ্ডে রাজ্য রাজনীতি ও সাধারণ মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শোক কাটিয়ে ওঠার আগেই এবার সুর চড়ালেন অঙ্কিতের স্ত্রী। পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে তোপ দেগে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী চার দিনের মধ্যে যদি তাঁর স্বামীর মূল ঘাতকদের গ্রেপ্তার না করা হয়, তবে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবন অথবা শামলির মহকুমা ম্যাজিস্ট্রেটের (SDM) কার্যালয়ের সামনে আত্মহত্যা করবেন।
দিল্লিতে পেশায় শিক্ষিকা অঙ্কিতের স্ত্রীর মারাত্মক অভিযোগ, জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও পুলিশকে বারবার নিরাপত্তার আবেদন জানানো হয়েছিল, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
কীভাবে ঘটেছিল এই নৃশংস হত্যাকাণ্ড? গত বুধবার সন্ধ্যায় শামলির কোতোয়ালি এলাকার একটি জিম থেকে বের হয়ে নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন অঙ্কিত। ঠিক তখনই দুটি বাইকে চেপে আসা চার সশস্ত্র দুষ্কৃতী তাঁর ওপর এলোপাথাড়ি গুলি চালিয়ে চম্পট দেয়। হামলায় গুরুতর আহত অঙ্কিতকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই নৃশংস হত্যাকাণ্ডের একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।
রাজনীতিতে ঝড়, অখিলেশের ফোন ঘটনার খবর পেয়ে মৃত গায়কের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। শুক্রবার অঙ্কিতের বাবার সঙ্গে ফোনে কথা বলে তিনি সবরকম সহায়তার আশ্বাস দেন। রাজ্য সরকারের সমালোচনা করে অখিলেশ জানান, এই হত্যাকাণ্ডে বিজেপি সরকারের নিষ্ক্রিয়তা ও পক্ষপাত স্পষ্ট। বালিয়ান সম্প্রদায় কোনোভাবেই অবিচার সহ্য করবে না। এসপি-র একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
অন্যদিকে, পুলিশ দাবি করেছে তারা অভিযুক্তদের চিহ্নিত করতে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত বাইক ও অস্ত্রের খোঁজ পেতে তল্লাশি অভিযান জোরদার করেছে।