মিষ্টির বাক্স কম কেনায় তুলকালাম, স্ত্রীর ওপর রাগে নিজের বাইকেই আগুন ধরালেন স্বামী!

রাখিবন্ধন উপলক্ষে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েও শেষ পর্যন্ত বাড়ি পৌঁছানো হলো না পরিবারটির। উত্তর প্রদেশের বিজনোর জেলার নাঙ্গাল সোটি এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে বসলেন বাবলু সাইনি নামে এক ব্যক্তি। স্ত্রীর সঙ্গে কেনাকাটা নিয়ে তর্কাতর্কির জেরে নিজের দামী অ্যাপাচি বাইকটিতে প্রকাশ্যে আগুন ধরিয়ে দেন তিনি।
জানা গেছে, জাতপুরার বাসিন্দা বাবলু সাইনি রাখি উপলক্ষে স্ত্রী ও সন্তানদের নিয়ে কোট সরাইয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে দহিরপুর গ্রামের কাছে কেনাকাটা করার সময় স্ত্রীর সঙ্গে তাঁর মতবিরোধ শুরু হয়। বাবলুর স্ত্রী বাপের বাড়ির জন্য দুই বাক্স মিষ্টি এবং বড় বোতলের কোল্ড ড্রিংক কেনার অনুরোধ জানান। কিন্তু বাবলু দুই বাক্সের বদলে মাত্র এক বাক্স মিষ্টি কেনায় ক্ষিপ্ত হন তাঁর স্ত্রী। সেখান থেকেই শুরু হয় বাকবিতণ্ডা।
তর্কাতর্কির এক পর্যায়ে চরম মেজাজ হারিয়ে দহিরপুর গ্রাম পঞ্চায়েত ভবনের সামনে বাইক থামান বাবলু। এরপর স্ত্রী ও অবুঝ সন্তানদের সামনেই আক্রোশের বশে নিজের বাইকে আগুন লাগিয়ে দেন। মুহূর্তের মধ্যেই গাড়িটি দাউ দাউ করে জ্বলে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। স্বামীর এই আকস্মিক ও হিংসাত্মক আচরণে আতঙ্কিত হয়ে পড়ে তাঁর পরিবার। বাইকটি পুড়িয়ে দেওয়ার পর বাবলু হেঁটে ঘটনাস্থল ত্যাগ করেন এবং ভয়ে তাঁর পেছনে পেছনে স্ত্রী-সন্তানেরাও চলে যান।
রাস্তার পাশে বাইকটি দাউ দাউ করে জ্বলার দৃশ্য এক পথচারী ক্যামেরাবন্দী করে নেটদুনিয়ায় পোস্ট করতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হলেও এখন পর্যন্ত স্থানীয় পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা পদক্ষেপের কথা জানা যায়নি।